২১.৫ ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ

১ নভেম্বর, ২০২১ ০৭:৩৩  
অ্যাপল অনেকটা নিরবেই তাদের ২১.৫ ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ করে দিয়েছে। নিজস্ব এম১ চিপসেট-চালিত মডেল বাজারে আনার ৬ মাস পার হতে না হতেই ইন্টেল চিপসেট চালিত এই ডিভাইসটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। খবর এনগ্যাজেট। এর আগে এন্ট্রি লেভেলের ডুয়াল কোর আইম্যাকটি এমন একটি পেইজের মাধ্যমে বিক্রি করা হতো যে সেটি খুঁজে পাওয়া কষ্টকর ছিলো। তবে ২৯ অক্টোবর থেকে সেই পেইজটিই বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। আইম্যাকটি বিক্রির বিষয়ে অ্যাপলের কাছে মন্তব্য চেয়েছে এনগ্যাজেট। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও নিরবে ম্যাকের বিক্রি বন্ধ করে দেয়ার নজির রয়েছে। তবে চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে আইম্যাক প্রো বিক্রি বন্ধের খবর নিশ্চিত করেছিলো অ্যাপল। যদি কেউ সিলিকন চিপের বাইরে ইন্টেল চিপসেট আইম্যাক ব্যবহার করতে চান তাহলে তাদেরকে অন্তত ২৭ ইঞ্চির আইম্যাক অথবা ১০৯৯ ডলারের ম্যাক মিনি কিনতে হবে। অ্যাপল মূলত তাদের প্রধান গ্রাহকদের নিজেদের সিলিকন চিপসেট-চালিত আইম্যাকের গ্রাহক বানাতে চাচ্ছে। ডিবিটেক/বিএমটি